‘বাডিমুন’ হানিমুনের বদলে করছেন বিজয়-রাশমিকা
- আপডেট সময় : ০৬:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
প্রচলিত হানিমুনের ধারা ভেঙে বন্ধুদের সঙ্গে নিয়ে হানিমুনে দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। নাম দিয়েছেন ‘বাডিমুন’।
তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে, বিশেষ করে বিয়ে ও হানিমুন নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে। সাধারণত নবদম্পতিরা নির্জনে সময় কাটাতে বিদেশের বিলাসবহুল গন্তব্য বেছে নিলেও বিজয়-রাশমিকা বেছে নিয়েছেন নতুন এক ট্রেন্ড—‘বাডিমুন’।
‘বাডিমুন’ ধারণাটি মূলত এমন এক ভ্রমণ, যেখানে দম্পতিরা তাদের বিশেষ সময়টি বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন। বিজয় ও রাশমিকা তাদের এই সফরে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই আনন্দ উপভোগ করছেন।
বন্ধুদের সঙ্গে নিয়েই থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে একটি প্রাইভেট ভিলা ও রিসোর্টে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তারা। সামাজিক মাধ্যমে শেয়ার করা তাদের খুনসুঁটির ভিডিও ইতোমধ্যে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, ভ্রমণ তার কাছে শুধু ঘোরাঘুরি নয়, বরং প্রিয়জনদের সঙ্গে স্মৃতি তৈরির একটি মাধ্যম। একসঙ্গে সময় কাটানো, খেলাধুলা, সুইমিংপুলে আড্ডা কিংবা সূর্যাস্ত উপভোগ—এসবই তাদের ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেয়।
অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা বলেন, একা থাকার চেয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন বিজয় ও রাশমিকা। এরপরই প্রচলিত হানিমুনের ধারা ভেঙে ‘বাডিমুন’ ট্রেন্ডে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই তারকা দম্পতি।























