৬ ড্রাম জ্বালানি তেল জব্দ করে পুলিশে দিলেন জাতীয় সংসদের হুইপ বকুল
- আপডেট সময় : ০৬:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
তিনটি ভ্যানে ছয় ড্রাম তেল বহনকালে পুলিশে তুলে দিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা–৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে খুলনা নগরীর খালিশপুরে বাসার অদূরে নামাজ পড়তে যাওয়ার সময় এই জ্বালানি তেল জব্দ করেন তিনি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্দেহজনকভাবে ভ্যানে করে জ্বালানি তেল নিয়ে যেতে দেখে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল ভ্যান থামিয়ে বিষয়টি যাচাই করেন। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তিন ভ্যানে থাকা ৬ ড্রাম জ্বালানি জব্দ করে।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল গণমাধ্যমকে বলেন, সংকট পরিস্থিতির মধ্যে এভাবে ভ্যানে করে প্রকাশ্যে ড্রাম ভরে তেল নিয়ে চলা সন্দেহজনক। পুলিশ তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, জব্দ হওয়া জ্বালানি তেল পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। তিনি তেলের মালিকের কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।




















