নড়াইল সাড়ে ৩ মাসের শিশুকে ‘শ্বাসরোধে হত্যা’, মা আটক
- আপডেট সময় : ০৭:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে সাড়ে তিন মাস বয়সী শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আলুকদিয়া গ্রামের নিজ বাড়িতে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। অভিযোগ উঠেছে, শিশুটির গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খানম বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার রাতের খাবার খেয়ে তার কন্যা শিশু তাবাসুমকে নিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এলাকায় খবর ছড়িয়ে পড়ে আরিফা তার কন্যাকে শিশুকে গামছা পেঁচিয়ে হত্যা করেছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে জিজ্ঞাসাবাদের জন্য মা আরিফা খাতুনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

























