উডস গলফ থেকে সাময়িক বিরতিতে
- আপডেট সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
গলফ ইতিহাসের অন্যতম সেরা নাম টাইগার উডস। ১৫টি মেজর জয়ের মালিক। বহুবার বিশ্বের এক নম্বর। সেই উডসই এবার ২০২৭ সালের রাইডার কাপের যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে পিজিএ অব আমেরিকা। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যক্তিগত সংকট এবং স্বাস্থ্যগত বাস্তবতা।
গত সপ্তাহে এক সড়ক দুর্ঘটনায় জড়ান উডস। দুর্ঘটনার পর তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। এরপরই তিনি গলফ থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দেন। নিজের শারীরিক ও মানসিক সুস্থতা ফিরে পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন উডস।
পিজিএ অব আমেরিকার বিবৃতিতে বলা হয়েছে, উডস নিজের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। এমন একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার সাহসকে তারা সম্মান জানায়। তিনি নিজেই জানিয়েছেন, ২০২৭ রাইডার কাপের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন না। সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে। আয়ারল্যান্ডের অ্যাডেয়ার ম্যানরে অনুষ্ঠিতব্য এই রাইডার কাপের জন্য উডসই ছিলেন সবচেয়ে সম্ভাব্য অধিনায়ক। এই ভেন্যুর মালিক তার ঘনিষ্ঠ বন্ধু জেপি ম্যাকম্যানাস। সবকিছুই তার পক্ষে ছিল।
কিন্তু গত শুক্রবারের ঘটনা পুরো চিত্র বদলে দিয়েছে। দুর্ঘটনার সময় উডস একটি ট্রেলারকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। সেই সময় তার ল্যান্ড রোভার ট্রেলারের সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায়। তিনি শারীরিকভাবে বড় আঘাত এড়াতে সক্ষম হন। তবে পুলিশ জানায়, তার মধ্যে অস্বাভাবিকতার লক্ষণ ছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি সাদা রঙের হাইড্রোকোডন ট্যাবলেট পাওয়া যায়। এটি একটি প্রেসক্রিপশন ওপিওয়েড, যা তীব্র ব্যথা কমাতে ব্যবহৃত হয়। দুর্ঘটনাটি ২০০৯ সালের পর উডসের চতুর্থ সড়ক দুর্ঘটনা। ২০২১ সালের ভয়াবহ দুর্ঘটনায় তার পায়ে গুরুতর চোট লাগে। এরপর একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। ক্যারিয়ারের দীর্ঘ সময় ধরেই ইনজুরি তার সঙ্গী।
ফ্লোরিডার একটি আদালত ৫০ বছর বয়সী উডসকে যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে। তার আইনজীবী ডগলাস ডানকান আদালতে আবেদনটি জমা দেওয়ার পর বুধবার মার্টিন কাউন্টির বিচারক ড্যারেন স্টিল তার আবেদন মঞ্জুর করেন। এই আবেদনে বলা হয়, উডসকে একটি বিশেষায়িত ইনপেশেন্ট চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা প্রয়োজন।
সেখানে তাকে নিবিড়, ব্যক্তিকেন্দ্রিক এবং সমন্বিত চিকিৎসা দেওয়া হবে। এই ধরনের চিকিৎসা যুক্তরাষ্ট্রে নিরাপদভাবে করা সম্ভব নয়। কারণ তার ব্যক্তিগত গোপনীয়তা বারবার ভঙ্গ হচ্ছে। গণমাধ্যমের অতিরিক্ত নজরদারি তার চিকিৎসার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, চলমান জনসম্মুখে উপস্থিতি এবং মিডিয়ার চাপ তার চিকিৎসা প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। এতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটবে এবং তিনি পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগ পাবেন না।






















