গাজীপুরে পাইকারি এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম, অভিযানে কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে
গাজীপুরে পাইকারি পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। সোমবার দুপুরে কালিগঞ্জ উপজেলার বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল এবং গাজীপুর আর্মি ক্যাম্প। অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পাইকারি পর্যায়ে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় বিএম এনার্জি কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকার পাইকারি ও খুচরা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে দিলেও প্রতিষ্ঠানটি ডিলারদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিয়ে সিলিন্ডার বিক্রি করে আসছিল। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






















