জোকোভিচ-কোহলির কারণেই ক্রিকেট অনুসরণ করেন
প্রিন্ট নিউজ :
- আপডেট সময় :
০৭:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
১৪
বার পড়া হয়েছে
সার্বিয়াতে ক্রিকেট জনপ্রিয় কোনো খেলা নয়। তবুও ক্রিকেট দেখেন দেশটির কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির কারণেই ক্রিকেট অনুসরণ করেন বলে জানিয়েছেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা।
সোমবার (২০ এপ্রিল) লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের এক অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ–কে জোকোভিচ কোহলির সঙ্গে বন্ধুত্বের কথা তুলে ধরে বলেন, ‘হ্যাঁ, বিরাট একজন বন্ধু এবং এমন একজন যাকে আমি সম্মান ও প্রশংসা করি। আসলে সত্যি কথা বলতে, তার কারণে আমি ক্রিকেট অনুসরণ করতে শুরু করেছিলাম। এর আগে ক্রিকেটের খবর রাখতাম না। তার জন্য আমি আরও বেশি খবর রাখি।’
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে নোভাক জোকোভিচ
২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা বলেন, ‘আমরা যোগাযোগ রাখি, আশা করি যখন আমি যাবো, আমি বলতে চাই না যদি, কিন্তু যখন ভারতে যাবো, আশা করি সে আমার সঙ্গে যোগ দেবে। আমরা একটু টেনিস ও ক্রিকেট খেলবো, মজা করবো এবং ইতিবাচক ও ভালো অনুভূতি নিয়ে খেলা উদযাপন করবো।’
ভারতীয় ভক্তদের উদ্দেশে জোকোভিচ বলেন, ‘আমি ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার জন্য আমি কৃতজ্ঞ। ভারতের মানুষের সঙ্গে আমি খুব টান অনুভব করি। আশা করছি খুব দ্রুতই সেখানে কোনো একটি ম্যাচে অংশ নিতে পারবো।’