গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে।
রবিবার (১০ মে) ভোররাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরের ঘটনা বেড়েছে। রবিবার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে।
বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিনজন নিহত হয়েছে। এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ওই তিনজনই মারা গেছে। আরও কয়েকজন চোর ছিল; তারা পালিয়ে গেছে। এলাকাবাসী তাদের নিয়ে আসার টাকটি আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।