বরিশাল প্রেমিকের বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার, পলাতক প্রেমিক
- আপডেট সময় : ০৮:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বরিশাল নগরীতে প্রেমিকের বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নগরীর মুন্সিগ্রেজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক হিমু পলাতক আছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঝালকাঠি শহরের কাটপট্টি এলাকার বাসিন্দা মিল্টন আকনের ছেলে হিমুর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল কলাপাড়া উপজেলার শাহিন হাওলাদারের মেয়ে সানজিদা কবির আনিতার। তারা দুজনেই বরিশাল নগরীতে বসবাস করতেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর মুন্সিগ্রেজ বরইতলা গলির রাফি মঞ্জিলে রাফির বাসায় দেখা করতে আসেন আনিতা। দুপুরের দিকে আনিতাকে হত্যা করে হিমু পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশের ।
একাধিক সূত্র থেকে জানা যায়, এর আগেও ঝালকাঠিতে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে তাকে হত্যার ঘটনায় হিমুর বিরুদ্ধে ঝালকাঠি আদালতে মামলা চলমান আছে।
হিমুর মা জাহানারা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে আনিতার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে আমাদের বাসায় আসে আনিতা। দুপুর দেড়টার দিকে হিমুর রুমে আনিতার লাশ দেখে ভয় পেয়ে যাই। তখন হিমু বাসা থেকে পালিয়ে গেছে।
নিহত আনিতার বড় বোন বলেন, এইবার নার্সিং কলেজে ভর্তি হয়েছিলো আমার বোন। সেই কারণে বরিশালে থাকতো সে। রাফির সঙ্গে কয়েকমাস ধরে প্রেমের সম্পর্কে জড়ায় আনিতা। বৃহস্পতিবার সকালে বাসা থেকে হিমুর সঙ্গে দেখা করার কথা বলে বের হয়। এরপর দুপুরে খবর পাই আমার বোনকে হত্যা করা হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন তিনি।
হত্যাকারীকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি আল মামুন।

























