হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে গুলি
- আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে
চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাহাজটির ক্যাপ্টেনের দাবি অনুযায়ী, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ইরানের আইআরজিসির দুটি গানবোট গুলি ছোড়া শুরু করে। ঘটনাটি ঘটার সময় জাহাজটি ওমানের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।
তবে এ ঘটনায় জাহাজ বা এর নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও।
একই সঙ্গে সংস্থাটি জানায়, অঞ্চলে থাকা কিছু বাণিজ্যিক জাহাজ ইরান নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো রেডিও বার্তা পেয়েছে, যেখানে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। বার্তায় বলা হয়, এ নৌপথ ব্যবহার করে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
এর আগে বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালিকে কঠোর নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

























