গাজীপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ‘দুই-তিন দিনের মধ্যে জ্বালানি তেল স্বাভাবিক হয়ে যাবে’
- আপডেট সময় : ০৮:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়েই বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আমাদের ডিজেলের কোনো সমস্যা নেই। দুই-তিন দিনের মধ্যে জ্বালানি তেল অনেকটা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে ফিল্ডে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা সেভাবেই কাজ করছি। গাজীপুরের বিভিন্ন কলকারখানার শ্রমিকদের সমস্যাগুলো চিহ্নিত করার জন্য এখানে এসেছি। পরবর্তীতে শ্রমিক-মালিকদের নিয়ে আলোচনা করা হবে। তখন সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আজ বুধবার দুপুরে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গাজীপুর এবং ঢাকা জেলা শিল্পাঞ্চলের (সাভার, আশুলিয়া, ধামরাই) সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত বিষয়সমূহ সুশৃঙ্খল ও সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
মন্ত্রী বলেন, শ্রমিক-মালিক মিলে কিভাবে আমাদের এই শ্রমিকবান্ধব এলাকাটির সামনের দিকগুলো ভালোভাবে রাখা যায়, কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, আমাদের শ্রমিকদের সমস্যা কিভাবে সমাধান করা যায়, কিভাবে কলকারখানাগুলো সমৃদ্ধ করা যায়, কি কি সমস্যা রয়েছে এবং কিভাবে সমাধান করা হয়, আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিভাবে উন্নয়ন করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের এসব বিষয় নিয়ে ওয়ার্ক করতে হবে।
মন্ত্রী বলেন, শিল্প কারখানার জন্য যে তেল দেওয়া হচ্ছে এটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। কারখানাগুলোতে অকটেন ও পেট্রোল দেওয়া হচ্ছে না, কেবল ডিজেল দেওয়া হচ্ছে। এজন্য যেন ভুল বোঝাবুঝি না হয় সেজন্য প্রতিটি পাম্পে এবং যে গাড়িগুলো তেল বহন করবে তাদের জন্য যে নির্ধারিত তেল আছে এগুলো নেওয়ার জন্য যেন প্রতিবন্ধকতা তৈরি না হয় সেটা আজ থেকে বলে দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে যতটা পাম্প আছে যার যার অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেভাবে তেল নিতে পারবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে গাজীপুর–৪ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর–৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর–১ আসনের সংসদ সদস্য ও মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী,শিল্পাঞ্চল পুলিশের (অতিরিক্ত আইজিপিগাজী জসীম উদ্দিন, জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার,কলকারখানা অধিদপ্তরের মহাপরিচালক ওমর ইমরুল মহাসিন,বিজিএমইএ- সভাপতি মাহমুদ হাসান খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।























