স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি হুসাইন আলী বাবুর উপর হামলার ঘটনা ঘটেছে। পরে গুরুতর অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয় তাকে। এ ঘটনায় হাতেনাতে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ঈদে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার সংবাদ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী সাংবাদিক হুসাইন আলী বাবু। লাইভ শেষ করে গাজীপুরের চৌরাস্তা পুলিশ বক্সে বসে কাজ করার সময় অতর্কিত হামলা চালায় এক যুবক। সাংবাদিকের
চিতকারের শব্দে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এক পুলিশ সদস্য। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। অভিযুক্ত ব্যাক্তির নাম মোহাম্মদ জুয়েল। ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইয়ের সাথে জড়িত।
এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ভুক্তভোগী সাংবাদিক হুসাইন আলী বাবু বলেন, আমি সকাল থেকেই চৌরাস্তায় কাজ করছিলাম। হামলাকারী বেশ কয়েকবার এসে আমার নাম জিজ্ঞেস করেছে। কিন্তু ব্যাস্ত থাকায় তার সাথে কথা বলতে পারিনি। পরবর্তীতে আমি যখন পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলাম তখন লোকটি এসে হঠাৎ করেই আমার উপর হামলা চালায়। আমি সেই ব্যাক্তিকে কোনোদিন দেখিনি। তার সাথে আমার কোন পরিচয় নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর চৌরাস্তায় অসংখ্য মাদকসেবি ও ছিনতাইকারী থাকে। তারা নৃশংস এই হামলার সাথে জড়িত থাকতে পারে। কারন গাজীপুর চৌরাস্তায় কোন সাংবাদিক আসলেই তাদের কাজে বাধা দেয়ার চেষ্টা করে এই অপরাধীরা।প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের উপর এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গাজীপুরের পেশাদার সাংবাদিকরা। দ্রুত সময়ের মধ্যে এই হামলার পেছনের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে মনে হচ্ছে অভিযুক্ত ব্যাক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি জানিয়েছেন তার মা হাসপাতালে ভর্তি। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি।