ডাল, ছোলা, রাজমা বা কিছু সবজি খাওয়ার পর অনেকেরই গ্যাস, পেটফাঁপা কিংবা অস্বস্তি হয়। এসব খাবার পুষ্টিকর হলেও কারো কারো জন্য হজম করা কঠিন হতে পারে। বিশেষ করে খাবার ঠিক মতো রান্না করা না হলে সমস্যা আরও বাড়তে পারে।
তবে এই ধরনের খাবার হজমে সাহায্য করতে রান্নাঘরে বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে একটি মসলা-হিং। ইন্টিগ্রেটিভ লাইফ স্টাইল বিশেষজ্ঞ লুক কৌতিনহো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হিংয়ের এমনই একটি প্রচলিত ব্যবহার নিয়ে কথা বলেছেন।
তার পোস্ট অনুযায়ী, রান্নায় এক চিমটি হিং ব্যবহার করলে গ্যাস, পেটফাঁপা ও পেটের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। বিশেষ করে ডাল, শিম, ছোলা ও মসুর ডালের মতো খাবারে ঐতিহ্যগতভাবে হিং ব্যবহার করা হয়।
হিং কীভাবে সাহায্য করে?
হিংয়ে থাকা কেছু যৌগ হজমের সঙ্গে যুক্ত এনজাইমের কার্যকলাপ বাড়াতে সাহায্য করতে পারে বলে কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ ও লাইপেজের মতো এনজাইম রয়েছে। ফলে খাবার হজমের প্রক্রিয়ায় হিং কিছুটা সহায়ক হতে পারে।
তবে শুধু হিং নয়, খাবার তৈরির পদ্ধতিও হজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ডাল বা শস্য রান্নার আগে ভিজিয়ে রাখা, অঙ্কুরিত ও গাঁজন করা এবং ভালোভাবে ধীরে রান্না করার মতো পদ্ধতি খাবারকে সহজে হজম করতে সাহায্য করতে পারে।
কোন খাবারে হিং ব্যবহার করবেন?
ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, কেল, ছোলা ও রাজমার মতো খাবার রান্নার সময় হিং ব্যবহার করা যায়। ভারতীয় রান্নায় জিরা, হিং, আদা ও হলুদের মতো মসলা একসঙ্গে ব্যবহার করার চলও রয়েছে।
তবে হিং বেশি দেওয়ার প্রয়োজন নেই। মাত্র এক চিমটি হিং যথেষ্ট। বেশি দিলে খাবারের স্বাদ ও গন্ধ অনেকটাই বদলে যেতে পারে।
খাবার কী খাচ্ছেন, তার পাশাপাশি খাবার কীভাবে রান্না করছেন, সেটিও হজমে গুরুত্বপূর্ণ। তাই গ্যাস বা পেটফাঁপার সমস্যা হলে খাবার রান্নার পদ্ধতিতেও একটু নজর দেওয়া যেতে পারে।