বিশ্বকাপ শুরুর আগেই ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে আইভরিকোস্টের কাছে ২–১ গোলে হেরেছে ফ্রান্স। অন্য প্রীতি ম্যাচে ইরাকের বিপক্ষে ১–১ গোলে ড্র করে স্পেন।
এতে আর্জেন্টিনা দুই ধাপ লাফিয়ে আবার শীর্ষে উঠেছে। ফ্রান্স শীর্ষে থেকে নেমে গেছে তৃতীয় স্থানে। আর স্পেন আছে আগের মতো দ্বিতীয় স্থানেই। চতুর্থ ও পঞ্চম দল যথাক্রমে ইংল্যান্ড ও পর্তুগাল। ব্রাজিল আছে ছয়ে।
চলতি বছর মার্চ মাস থেকে ফিফা র্যাংকিংয়ে রিয়েল-টাইম (তাৎক্ষণিক) আপডেট পদ্ধতি চালু করেছে, যেখানে ম্যাচের গোলের ওপর ভিত্তি করে র্যাংকিং নির্ধারণ করা হয়। বিশ্বকাপ শুরুর আগের দিন, আগামী ১০ জুন আনুষ্ঠানিকভাবে এই র্যাংকিং হালনাগাদ করা হবে।
২০২৩ সালে এপ্রিল থেকে র্যাংকিংয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা। গত বছরের সেপ্টেম্বরে সিংহাসন হারায় আলবিসেলেস্তেরা। তবে বিশ্বকাপে শুরুর আগে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। আর এই শীর্ষস্থান ফিরে পাওয়ায় মাথা ব্যাথার কারণ হতে পারে আর্জেন্টিনার জন্য। কেননা র্যাংকিংয়ের শীর্ষস্থানে থেকে বিশ্বকাপ শুরু করা দলগুলো এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি।
১৯৯২ সালে ফিফা র্যাংকিং চালুর পর থেকে কোনো বিশ্বকাপেই এক নম্বর দল শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ বিশ্বকাপের আগে শীর্ষে ছিল জার্মানি। কিন্তু তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে, আর শিরোপা জেতে ব্রাজিল। ১৯৯৮ সালে এক নম্বরে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যায়।
২০০২ বিশ্বকাপে ফ্রান্স ছিল বিশ্বচ্যাম্পিয়ন ও র্যাংকিংয়ের শীর্ষ দল। কিন্তু তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ সালে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একই ভাগ্য বরণ করে ব্রাজিল ও স্পেন।
২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এক নম্বরে থেকে বিশ্বকাপে গিয়েছিল, কিন্তু গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়। আর ২০২২ কাতার বিশ্বকাপে শীর্ষে থাকা ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে। শেষ পর্যন্ত শিরোপা জেতে আর্জেন্টিনা।